শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সৈয়দপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সোস এর সংবর্ধনা প্রদান

সৈয়দপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সোস এর সংবর্ধনা প্রদান

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে অনলাইনে আয়োজক সংগঠনে রেজিষ্ট্রেশন করা ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেটসহ ফুলেল শুভেচছা প্রদান করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ক্যান্টনমেন্ট বাজার বন্ধন কনভেনশন হলে এই সংবর্ধনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সৈয়দপুরের সুনামধন্য ও অন্যতম অরাজনৈতিক মানবিক ও সামাজিক সংগঠন ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর (সোস)’ এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোশফেক উল হাসান লুমেন, দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (গাইনী) ডা. শাহানাজ ফারজানা আফরোজ (মোহিনী)।

প্রধান আলোচক ছিলেন, সোস এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. সাজেদুল ইসলাম সাজু। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. সেকেন্দার আলী আদনান। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন। এছাড়াও উপস্থিত ছিলেন সোস এর উপদেষ্টা মুকুল হোসেন, সাহাবাজ উদ্দিন সবুজসহ সদস্যবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বাউস্ট) এর ডিপুটি লাইব্রেরিয়ান সাইফুল আলম মিলন, অভিভাবক মোরশেদ আলম। উপস্থিত ছিলেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব রেজাউল করিম রেজা ও সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অনুষ্ঠানে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন করেন সোস এর সাধারণ সম্পাদক জান্নাতুল হাসান এবং সোস এর কার্যক্রমের স্লাইড সো প্রদর্শনী উপস্থাপন করেন সংগঠনের মানবিক ও নারী কল্যাণ সম্পাদক ফারিয়া, কৌতুক ও রম্য নাটিকা পরিবেশন করেন আনিস ও আদনান।

অতিথিদের আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে সব ধরণের সহায়তার আশ্বাস প্রদান করা হয়। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে উৎসাহিত করতে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা