শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় দরজা ভেঙে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

কুলাউড়ায় দরজা ভেঙে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়ায় ভাড়া বাসার দরজা ভেঙে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউজের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

সুমাইয়া কুলাউড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জজ মিয়ার মেয়ে। তিনি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পতিলাসাঙ্গন গ্রামের শাওন রহমানের স্ত্রী। স্বামীর সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন তিনি।

পরিবারের অভিযোগে বলা হয়, ঘটনার সময় সুমাইয়ার স্বামী শাওন রহমান প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। পরে তিনি তার শাশুড়ি ও পরিবারের সদস্যদের বাসায় আসতে বলেন। তারা সেখানে গিয়ে সুমাইয়াকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেন। পরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্বজনরা।
তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা