আল এমরার, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানী শেষে সোমবার (৩১ আগস্ট) রায় ঘোষণা করেছে হাইকোর্ট।
শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। এর আগে গত ২৫ আগষ্ট রায় ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
মাত্র ১৪ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ হওয়া এ মামলায় ২০২৫ সালের ১৩ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠন এবং ২৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে ২৯ জনের সাক্ষ্য নেওয়ার পর ৭ মে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ১৩ মে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় ঘোষণা করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান।
রায়ে আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামি আছিয়ার বোনের স্বামী সজীব শেখ, তার ভাই রাতুল শেখ ও মা জাহেদা বেগমকে খালাস দেন আদালত।
এদিকে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। হিটু শেখ দণ্ডের বিরুদ্ধে আপিল করেন।
রায় শেষে আছিয়ার মা ও এ মামলার বাদি আয়েশা আক্তার জানান, হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ডের যে রায় দিলেন তা যেন দ্রুত কার্যকর হয়। এ রায়ের মধ্য দিয়ে তিনি তার মেয়ের হত্যার ন্যায়বিচার পেয়েছেন।
অচিরেই দেশবাসী একজন নারী নির্যাতনকারী ও শিশু ধর্ষণের আসামির উপযুক্ত বিচার প্রত্যক্ষ করবে এমনটি প্রত্যাশা পরিবার ও সজনদের।
