শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

চা পাতার বোঝা মাথায় নিয়ে ড্রেনে পড়ে মৃত্যু

শ্রীমঙ্গলের ভাড়াউড়া বাগান থেকে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

শাহাব উদ্দিন আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে বাগানের গভীর ড্রেনে পড়ে মীরা হাজরা (৪০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে ভাড়াউড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনের একটি ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকাল ৯টার দিকে চা পাতা তুলতে বাড়ি থেকে বের হন মীরা হাজরা। কিন্তু রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় স্বজন ও সহকর্মীরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাগানের ২৯ নম্বর সেকশনের গভীর ড্রেনের ভেতর তাঁর মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশেই চা পাতা বহনের বড় একটি পুটলি পড়ে থাকতে দেখা যায়।

শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার সফিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চা পাতা তোলার একপর্যায়ে গভীর ড্রেনটি লাফ দিয়ে পার হওয়ার সময় অসাবধানতাবশত মীরা হাজরা ড্রেনের ভেতর পড়ে যান। এ সময় মাথায় থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি চা পাতার নিচে তিনি চাপা পড়েন। মাথায় আঘাত পেয়ে হৃদ্‌ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে বলে পুলিশ জানিয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা