এস. এম. সিপার, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিজান খান (৩৫) নামে এক মটর সাইকেলে চালক গুরুতর আহত হয়েছেন। রাস্তার ওপর হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার শাঁখারীকাঠী বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মিজান খান নাজিরপুর উপজেলা সদরের বাসিন্দা মোজাহার খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজান সাতকাছেমিয়া ব্রিজসংলগ্ন নদী পার হয়ে শাঁখারীকাঠী স্কুলের সামনের সড়ক দিয়ে শাঁখারীকাঠীর দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁর সামনে একটি শিশু সাইকেল চালাচ্ছিল। হঠাৎ শিশুটি সাইকেলসহ রাস্তার মাঝখানে চলে এলে তাকে বাঁচাতে গিয়ে মিজান দুর্ঘটনার শিকার হন। এ সময় তাঁর চোখে সানগ্লাস ছিল। দুর্ঘটনায় সানগ্লাস ভেঙে নাক, চোখ ও মাথার বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর আঘাতের বিষয়টি বিবেচনায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হয়। তাঁর নাকের হাড় ভেঙে পেছনের দিকে মুখগহ্বরের ভেতরে ঢুকে গেছে। এ ছাড়া মাথায় আঘাত রয়েছে বলে তাঁদের সন্দেহ হয়। রোগীর রক্তবমি হচ্ছিল এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
