বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে আল আমিন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মুরাদনগর থানায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর এলাকার তিতাস নদীর পূর্বপাড়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার, আল আমিন কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আব্দুল রব মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর এলাকায় তিতাস নদীর পূর্বপাড় থেকে একটি চক্র কোনো অনুমতি ছাড়াই অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত আল আমিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেপ্তার আল আমিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা