মাসুদ করিম, রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাইল্লাবো এলাকার ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়িতে শুক্রবার( ৪সেপ্টেম্বর) ভোর রাতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে ।
এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী পরিবারসহ আশপাশের এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, ৪সেপ্টেম্বর শুক্রবার ভোর রাতে ৮/১০ সদস্যের মুখোশ পরা ডাকাত দল রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে বসত ঘরে ভিতরে প্রবেশ করে। এরপর আব্দুর রশিদ মিয়ার গলায় ছুরি ধরে স্ত্রী সাফিয়া বেগমের হাত-পা বেঁধে ফেলে।
একপর্যায়ে তাদের পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লক্ষ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতরা পুরো ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
এ বিষয়ে কাউকে কিছু জানালে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
