এম. শহীদুল ইসলাম, (কুতুবদিয়া- কক্সবাজার) : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মেয়ে নুদরাত ফারিহা ঐশী যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট‘ এ ফুল-ফান্ডেড স্কলারশিপে পাঁচ বছর মেয়াদি পিএইচডি করার সুযোগ পেয়েছে। ইতোমধ্যে ঐশী ওই প্রতিষ্ঠানে ‘হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট’ বিষয়ে পিএইচডি প্রোগ্রাম শুরু করেছেন। তার এ অর্জনে গর্বিত এলাকাবাসী।
নুদরাত ফারিহা ঐশী ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ‘মানব সম্পদ ব্যবস্থাপনা‘ (এইচআরএম) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
পরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউভার্সিটি অফ ব্রিজপোর্ট থেকে ‘বিজনেস অ্যানালিটিক্স‘ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন (জিআরই) এ ভালো স্কোর প্রাপ্ত হর। এসব ধারাবাহিক সাফল্যের পর এবার ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এ ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি অর্জন করার সুযোগ পেল।
নুদরাত ফারিহা ঐশী কুতুবদিয়া দক্ষিণ ধুরং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের নাতনি। তার মা লাভলী বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের মেয়ে। নুদরাতের বাবা জাফর একজন ব্যাংকার এবং মা লাভলী গৃহিনী।
পিএইচডি শেষে অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা দেশ, মানুষ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন নুদরাত ফারিহা ঐশী। বিদেশের মাটিতে সুস্থতার সঙ্গে পড়াশোনা শেষ করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
