শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজারের চকরিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, পৌরবাসীর দুর্ভোগ

কক্সবাজারের চকরিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, পৌরবাসীর দুর্ভোগ

এইচ এন আলম, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় কাজে পৌরসভার বিভিন্ন সড়ক ও এলাকা দিয়ে চলাচল করতে গিয়ে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধ ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে। কোথাও কোথাও জমে থাকা ময়লা থেকে মশা, মাছি ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে বিভিন্ন রোগ-বালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা থেকে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য গাড়ি এলেও তা পর্যাপ্ত নয়। অনেক সময় ৩-৪ দিন পরপর পৌরসভা থেকে ময়লা পরিষ্কারের গাড়ি আসে। দীর্ঘ সময় ধরে আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। বিশেষ করে বৃষ্টির সময় ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে রাস্তায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

অপরদিকে, চকরিয়া পৌরসভার বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও অভ্যন্তরীণ ওয়ার্ডগুলোর বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকায় পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবর্জনা উপচে পড়ে ড্রেন ও নালা-নর্দমা বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ময়লা পানি ও আবর্জনা সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে পরিস্থিতি আরও দুর্বিষহ করে তুলছে।

সচেতন মহল মনে করেন, চকরিয়া পৌরসভার মতো গুরুত্বপূর্ণ একটি পৌর এলাকায় নিয়মিত ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা থাকা জরুরি। নির্ধারিত স্থানে ময়লা ফেলার ব্যবস্থা, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং নিয়মিত ময়লা অপসারণের মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চকরিয়া উপজেলা শাখার নেতিরা জনতাকে বলেন, একটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে চকরিয়ায় বর্জ্য ব্যবস্থাপনার এমন বেহাল দশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবকাঠামো ও ডাম্পিং স্টেশন থাকার পরও সঠিক পরিবহন ব্যবস্থাপনা এবং তদারকির অভাবে শহরবাসীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তিনি অবিলম্বে পৌরসভাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ নিশ্চিত করার দাবি জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌরসভার প্রশাসক শাহীন নেওয়াজ বলেন, ময়লা-আবর্জনা সরানোর জন্য পৌরসভার যে গাড়ি ছিল, সেটি প্রতিদিন কয়েক কিলোমিটার ব্যবহারের পর নষ্ট হয়ে বিকল হয়ে যায়। যার কারণে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। গাড়ি নষ্ট না হলে ময়লা-আবর্জনা কখনো রাস্তায় পড়ে থাকার কথা নয়। দ্রুত গাড়ি মেরামত করে ময়লা-আবর্জনা সরিয়ে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা