বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়ায় রডবাহী ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে ডেকোরেশন কর্মী নিহত, আটক ১

পটিয়ায় রডবাহী ট্রাকের সঙ্গে নসিমনের সংঘর্ষে ডেকোরেশন কর্মী নিহত, আটক ১

সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় রডবাহী ট্রাকের সঙ্গে ডেকোরেশনের মালামালবাহী নসিমন (ভটভটি)র মুখোমুখি সংঘর্ষে সাজু দাশ প্রকাশ সজীব (৫৫) নামে এক ডেকোরেশন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইসমাইল (৫২) নামে আরও এক কর্মচারী আহত হয়েছেন। ঘাতক ট্রাক ও চালক রহিম শেখ কে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জুলুয়ার দীঘির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু দাশ পটিয়া উপজেলার চক্রশালা দুর্গাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বাদামতল এলাকার কামাল উদ্দিনের ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। আহত ইসমাইলও একই প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ডেকোরেশনের কাজ শেষ করে মালামাল নিয়ে নসিমনযোগে ফেরার পথে জুলুয়ার দীঘির পাড় এলাকায় রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নসিমনে থাকা সাজু দাশ ও ইসমাইল গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সোমবার বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাজু দাশকে মৃত ঘোষণা করেন। আহত ইসমাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাক ও চালক রহিম শেখ আটক করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা