এইচ এন আলম, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে কক্সবাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে চৌফলদণ্ডীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চৌফলদণ্ডী কক্সবাজার সদর উপজেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এ ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কক্সবাজার শহরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় নগর সম্প্রসারণের ক্ষেত্রেও চৌফলদণ্ডীর রয়েছে ব্যাপক সম্ভাবনা।
বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়লেও চৌফলদণ্ডীতে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন।
তারা বলেন, চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে একদিকে যেমন এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে, অন্যদিকে কক্সবাজার শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
মানববন্ধন থেকে চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের এ যৌক্তিক দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
