বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎মরিচ্যা বিজিবি চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

‎মরিচ্যা বিজিবি চেকপোস্টে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

‎আবু বক্কর সিদ্দিক, উখিয়া কক্সবাজার : ‎কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে ৫৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭) নামে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎৬ সেপ্টেম্বর দুপুরে রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

‎বিজিবি সূত্র জানায়, একটি মোটরসাইকেলে করে চেকপোস্ট অতিক্রমের সময় মুন্না সিকদারের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হলে ইয়াবা থাকার বিষয়টি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন।

‎এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি বের করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পুঁটলিগুলো গণনা করে মোট ৫৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

‎আটকের সময় তার কাছ থেকে দুটি আইফোন, নিবন্ধনবিহীন একটি পুরোনো মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

‎আটক মুন্না সিকদার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফে ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বলে জানিয়েছে বিজিবি।

‎পরে উদ্ধার হওয়া ইয়াবা, জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা