মশিউর রহমান, বিশ্বনাথ সিলেট : সিলটের বিশ্বনাথে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমদের হামলায় আহত হয়েছেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএন্ডটি রোডে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় টিএন্ডটি রোডে আবদুল মজিদ বকুলের ওপর হা*ম*লা চালানো হয়। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ছাত্রদল নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম আহমদ এই হামলা চালিয়েছেন। তবে, কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পরপরই তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে। হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশ্বনাথ থানার সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেন উপজেলা এবং পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে, হামলার ঘটনার পরপরই পৌর এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের করা হয়নি। তবে অভিযুক্তদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
