মাসুদ রানা, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের বিদায়ের ১৮ দিন পেরিয়ে গেলেও নতুন ইউএনও নিয়োগে এখনো কোনো পরিপত্র জারি হয়নি।
বর্তমানে উপজেলার অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। তবে তিনি কয়েকদিনের মধ্যেই বদলি হয়ে চলে যাবেন বলে জানা গেছে। তার পরিবর্তে নতুন একজন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনিই ইউএনও’র অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ইউএনও আনোয়ার হোসেনের বিদায়ের পর দুইজনের গাংনীতে ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও তাদের আদেশ স্থগিত হয়। পরবর্তীতে গাংনী উপজেলায় ইউএনও হিসেবে কে আসবেন, এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
টানা ১৮ দিন ধরে পূর্ণকালীন ইউএনও না থাকায় উপজেলার সার্বিক প্রশাসনিক কাজে ধীরগতি নেমে এসেছে। দ্রুত পূর্ণকালীন ইউএনও নিয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
