গাংনী (মেহেরপুর) থেকে মাসুদ রানা : মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে পৃথক ঘটনায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলো- মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে ও মানিকনগর আলিম মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র নাবিল হোসেন (১০), গাংনী উপজেলার করমদী গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে আরিশা খাতুন (২) এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের শিল্টন মিয়ার মেয়ে জান্নাতুল (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াইটার দিকে নাবিল মাদ্রাসা থেকে বাড়িতে দুপুরের খাবার খেতে আসে। খাবার শেষে সাইকেলযোগে মাদ্রাসায় ফেরার পথে মুজিবনগর-মেহেরপুর সড়কের আহমদ হুজুরের বাড়ির নিকট একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। ছিটকে রাস্তায় পড়লে একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, গাংনীর করমদী গ্রামে শিশু আরিশা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া মহাজনপুরে মিনারুল মিষ্টান্ন ভাণ্ডারের সামনে ইজিবাইকের সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশু জান্নাতুল। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জান্নাতুলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুজিবনগর থানার ওসি উত্তম কুমার দাস এবং গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
