শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালাল ৮-১০ মাদক কারবারি

টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজারপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার উদ্দেশ্যে একদল কারবারি সাবরাং বাজারপাড়া এলাকায় ইয়াবার বড় চালান মজুদ করে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শাপলা চত্বর এলাকায় অবস্থান নেয়।

পরে তথ্যের সত্যতা যাচাই করে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আভিযানিক দলটি সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাওলানা ফিরোজের লবণের মাঠসংলগ্ন ওয়াব পিডিয়া ইটের সলিং সড়কে পৌঁছায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি তাদের সঙ্গে থাকা পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলাতকদের ফেলে যাওয়া চারটি পোটলা থেকে ৬,১৯,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা