এম এ মান্নান, নাপোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নবাসীর সেবা ও কল্যাণে নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন তেতুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হাসান শাহ।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ঃ০০ টায় তার নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে এই ইউনিয়নের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের ওপর কর্তৃত্ব করা নয়, বরং তাদের সেবক হিসেবে কাজ করা। তেতুলিয়া ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।
ইকবাল হাসান শাহ বলেন, দীর্ঘদিন ধরে তেতুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের সমস্যা কাছ থেকে দেখেছেন। সুযোগ পেলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তরুণ সমাজকে কর্মমুখী ও শিক্ষিত করে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
ইকবাল হাসান শাহ তেতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে তিনি চেয়ারম্যান নয়, বরং ইউনিয়নবাসীর খাদেম হিসেবে কাজ করতে চান।
