শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিলাইছড়িতে পানি স্থাপনা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিলাইছড়িতে পানি স্থাপনা রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফার আহমেদ : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নের গাছকাটাছড়ি এলাকার সুরুজের দোকান প্রাঙ্গণে ১৫ সেপ্টেম্বর পানি স্থাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা (Operation & Maintenance) বিষয়ক একটি ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। “Orientation to Water Point Management Committee on Operation & Maintenance” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির সদস্য, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফআইবিডিবি-এর প্রকৌশলী মোঃ আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী রবীন চন্দ্র চাকমা, মাঠ সমন্বয়কারী সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং মাঠকর্মী জয়ন্তী চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রশিক্ষণে পানি স্থাপনার সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও করণীয়, নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা বজায় রাখার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং কমিটির কার্যকর ভূমিকার মাধ্যমে পানি স্থাপনাগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি নিরাপদ ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর বাস্তবায়নে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়ন ও সহযোগিতায় আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পানি স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা