কুলাউড়া মৌলভীবাজার থেকে মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল : মৌলভীবাজারের কুলাউড়ায় গরু চুরির ঘটনার ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ আটক করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি অভিযানে চুরি ও চুরির প্রস্তুতির মামলার আরও চার আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই জুনেদ, এসআই প্রদ্যুত, এসআই অলকসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজন আলী (৪০) ও পারভেজ আহমদ (৩২)কে চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত সিএনজিসহ আটক করা হয়।
আটক রাজন আলী কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার ভাড়াটিয়া ইয়াকুব মিয়ার ছেলে এবং পারভেজ আহমদ একই পৌরসভার দত্তরমুড়ি এলাকার মৃত নানু মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাজন আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
এদিকে পৃথক অভিযানে কুলাউড়া থানার মামলা নম্বর-১৫, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, জিআর-৭২, দণ্ডবিধির ৩৭৯ ধারার মামলার আসামি রিমন মিয়া (২৪) ও আহাদ মিয়া (২২)কে আটক করা হয়। তারা কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা।
অপর এক অভিযানে বড়লেখা থানার শ্রীধরপুর এলাকার আনোয়ার হোসেন (১৯) ও সাইফুল ইসলাম (১৯)কে আটক করা হয়েছে। তারা কুলাউড়া থানার মামলা নম্বর-০৬, তারিখ ৩ জুলাই ২০২৬, জিআর-১৩২, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি সংক্রান্ত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
