বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ থেকে ফরহাদ রহমান : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় ওই এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোনসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা