লংগদু থেকে মোঃ এরশাদ আলী : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেকারত্ব দূরীকরণ ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন কর্তৃক আয়োজিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন শেষে ৪৮জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ প্রদান করা হয়েছে।
বুধবার ( ১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় লংগদু জোনে আয়োজিত এ প্রশিক্ষণে উত্তীর্ণ ৪৮ জন স্থানীয় বেকার উদীয়মান তরুণ ও ক্ষুদ্র শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।
তেজস্বী বীর লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি উপস্থিত থেকে সফল প্রশিক্ষণার্থীদের হাতে এসব সনদপত্র তুলে দেন।
এসসময় লংগদু জোনের জেডএসও মেজর মোঃ শাহীনূর আল সাকিব, পিএসসি সহ অন্যান্য সেনা অফিসারগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, পার্বত্য এলাকার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে গত ২৩ আগস্ট ২০২৬ থেকে লংগদু জোন কর্তৃক বিনামূল্যে এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ কর্মসূচিতে ৪টি বিশেষ ট্রেড তথা কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল রিপেয়ার প্রশিক্ষণ, মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ এবং প্রাথমিক চিকিৎসায় এই প্রশিক্ষন প্রদান করা হয়।
সনদ বিতরণ শেষে জোন কমান্ডার প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেকে সামাজিকভাবে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। পাহাড়ি এলাকার সার্বিক শান্তি, সম্প্রীতি ও স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উন্নয়নমুখী ও কল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন সূত্র জানিয়েছেন ।
