বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিক্ষাখাতে ৫ বছরে জিডিপির ৫শতাংশ ব্যয়ের পরিকল্পনা : উপদেষ্টা জবিউল্লাহ

শিক্ষাখাতে ৫ বছরে জিডিপির ৫শতাংশ ব্যয়ের পরিকল্পনা : উপদেষ্টা জবিউল্লাহ

নোয়াখালী থেকে রাশেদুল ইসলাম : আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি বলেন, শিক্ষা খাতে পরিবর্তনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার বাস্তবায়ন দেশবাসীকে চমকে দেবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই পরিকল্পনা নিয়েই সরকার কাজ করছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, আমরা এখন স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি সাজাতে পারছি, যা তিন বছর আগেও সম্ভব ছিল না। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ডলারে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে।

নতুন বাংলাদেশের জন্য শুধু চাকরি পাওয়া যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন চিন্তাশীল, দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদাসিধে জীবন অনুসরণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে জুলাইয়ের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. হাছান উদ্দীন, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা