চৌগাছা (যশোর) থেকে শ্যামল দত্ত : যশোরের চৌগাছায় ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সমাজ গড়ে তুলি’—এই স্লোগানকে সামনে রেখে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চৌগাছা থানা পুলিশের আয়োজনে ঐতিহ্যবাহী কাবাডি খেলার আয়োজন করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব।
থানা পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন মঈন এবং পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন।
কাবাডি খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম।
এ সময় দুই দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
