মো.নূর আলম ভূইঁয়া : রাজধানীর শাহবাগ থানা এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেটসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মোঃ আকতার হোসেন বৃহস্প্রতি বার (১৭-সেপ্টেম্বর) দূপুরে এক প্রেস বিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো জুয়েল মৃধা (৩৮),মোঃ রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মোঃ রহমান হাওলাদার (৩৯), মোঃ বিল্লাল (৩২) ও মোঃ মারুফ (৩৮)।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
