মোঃমনজুর মোল্লা : রাজধানীর পল্লবী ও রূপনগরের ক্যাম্প ও বস্তি এলাকায় বিদ্যুৎ–সংযোগের নামে দীর্ঘদিনের অনিয়ম, অবৈধ লেনদেন ও সিন্ডিকেট প্রথা বন্ধ করতে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
অনুষ্ঠানে তালাত ক্যাম্পবাসীর জন্য তিনটি গভীর নলকূপ ও পানির পাম্প, ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক, মৃত ব্যক্তির গোসলের ঘর এবং দুটি নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বক্তব্যে আমিনুল হক বলেন, “গত ১৭ বছর ধরে বিদ্যুৎ–সংযোগকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। আমরা এই অনিয়ম পুরোপুরি বন্ধ করতে চাই। প্রতিটি ঘরে প্রিপেইড মিটার পৌঁছে দেওয়া গেলে বিদ্যুৎ–সংযোগে সব ধরনের অবৈধ লেনদেন বন্ধ হবে।” তিনি জানান, প্রিপেইড মিটার পাওয়ার প্রক্রিয়া সহজ করতে ক্যাম্পে ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ঘরে মিটার স্থাপন করা হবে।
এলাকার পানি সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ক্যাম্প ও আশপাশের বাসিন্দাদের দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যা সমাধানে ডেসকো ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় রেখে কাজ চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ফান্ড থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাজনৈতিক কর্মীদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতা আমিনুল হক বলেন, “কেবল দলীয় সভা বা মিছিল-মিটিংয়ে রাজনীতি সীমাবদ্ধ রাখলে চলবে না। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাঁদের মৌলিক সমস্যাগুলো শুনতে হবে এবং তা সমাধানের পথ খুঁজতে হবে।” বিদ্যুৎ ও পানিকে মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা
