শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আশিয়ায় চেয়ারম্যান পদে জমির উদ্দিন মানিকের গণসংযোগ

শতশত সমর্থকের স্লোগানে মুখরিত ইউনিয়ন, উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার

আশিয়ায় চেয়ারম্যান পদে জমির উদ্দিন মানিকের গণসংযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটিয়ার আশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁর গণসংযোগ ঘিরে আশিয়ার বিভিন্ন এলাকায় নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লপাড়া মুন্সি পুকুরপাড় থেকে শুরু হওয়া গণসংযোগটি বাংলা বাজার হয়ে পূর্ব আশিয়ায় গিয়ে শেষ হয়।

এ সময় শত শত সমর্থকের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পথে পথে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন জমির উদ্দিন চৌধুরী মানিক।গণসংযোগ শেষে এলাকাবাসীর উদ্দেশে জমির উদ্দিন চৌধুরী মানিক বলেন, আশিয়ার মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে আছি।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। জনগণ আমাকে সুযোগ দিলে দল-মতের ঊর্ধ্বে উঠে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।

জেলা স্বেচ্ছাসেবক দলের এ নেতা বলেন, আশিয়ার রাস্তাঘাট, মাদক, জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনসহ দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি তরুণদের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্ব দেওয়া হবে।জমির উদ্দিন চৌধুরী মানিক আরও বলেন, আমি কথার রাজনীতি করতে চাই না, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকল্পনা করা হবে। জনগণই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আশিয়াকে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও জনকল্যাণমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা চান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা