শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব পাকিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩১

পাকিস্তানের উত্তরাঞ্চলে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর দপ্তরে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় ১৬ জন পুলিশ সদস্যসহ নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই এই তথ্য জানায়।

শুক্রবার বিকেলে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরে অবস্থিত ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলাকারীরা হামলা চালায়। প্রায় ২ লাখ ২০ হাজার জনসংখ্যার এই শহরের পুলিশ কমপ্লেক্সটি জেলা পর্যায়ের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট রয়েছে।

উগ্রবাদী হামলা ও আত্মঘাতী বোমা বিস্ফোরণে এ পর্যন্ত ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা জানান, আহতদের বেশিরভাগই পুলিশ কর্মী এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানি তালেবান বা টিটিপির সাথে সম্পৃক্ত স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ এই হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা