বেনাপোল থেকে মোঃ মনজুর মোল্লা : পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পৌর এলাকাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বেনাপোলে অব্যাহত রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরের ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে এই পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বেনাপোল চেকপোস্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।
বৃক্ষরোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে আবু তাহের বলেন, “আগামী ২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় বেনাপোল সফরে আসছেন। উক্ত সফরে বেনাপোল পৌর এলাকার বৃক্ষরোপণ কার্যক্রমের পাশাপাশি এখানকার কাস্টমস, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো নিয়ে তাঁর সাথে আলোচনা করা হবে।”
তিনি স্থানীয় নানা নাগরিক ভোগান্তির কথা তুলে ধরে আরও বলেন, বেনাপোল স্থলবন্দরে আধুনিক কোনো হাসপাতাল নেই। এছাড়া কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া সত্ত্বেও ট্রাক টার্মিনাল ও বাস টার্মিনালগুলো এখনো চালু করা হয়নি। মন্ত্রী মহোদয়ের সফরে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তাঁর সামনে তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হবে।
পৌর এলাকার সবুজায়নে নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানিয়ে আবু তাহের বলেন, চলতি বছরে বেনাপোল পৌরসভায় মোট ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ১০ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। আগামী ৫ বছর জুড়ে এই পরিবেশবান্ধব উদ্যোগ আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
