রাঙামাটি থেকে মো. নাজিম আলী : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শিলছড়ি এলাকার মো. মাইনুল ইসলাম ফাহাদ। উন্নয়ন, সততা, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মো. মাইনুল ইসলাম ফাহাদ ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিলছড়ি এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সোলেমান বাহাদুর। বর্তমানে তিনি প্রবাসে রয়েছেন। তিনি বলেন ,গত ১০ বছর ধরে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় কাজ করার লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
ফাহাদ জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো, জনসেবা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নিয়মিত পরিষদের সভা আয়োজন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং পরিষদের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়ে মাইনুল ইসলাম ফাহাদ বলেন, ইউনিয়নের প্রয়োজনীয় রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে গুরুত্ব দেওয়া হবে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করবেন তিনি। একই সঙ্গে বৃক্ষরোপণ, হাট-বাজারের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নেও উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। ভিজিডি, ভিজিএফসহ সরকারি সহায়তা ও ত্রাণ বিতরণেও কোনো ধরনের বৈষম্য না করে প্রকৃত অসহায় মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।
এ ছাড়া জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
স্থানীয় বিরোধ নিষ্পত্তি ও সামাজিক শান্তি বজায় রাখার ক্ষেত্রেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মাইনুল ইসলাম ফাহাদ। ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রমকে কার্যকর করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও যৌতুকের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা এবং ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থা, নলকূপ স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।
দুর্যোগ মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন ফাহাদ। বন্যা, পাহাড়ধস, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
মাইনুল ইসলাম ফাহাদ বলেন,আমি দীর্ঘদিন প্রবাসে থেকে বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠিয়েছি। এবার নিজের এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নের উন্নয়নে কাজ করব।
ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের সেবা পাওয়ার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।
তাঁর ঘোষিত পরিকল্পনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, নাগরিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক সম্প্রীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
