কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।
রোববার দুপুরে মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন সালমা, বোনজামাই মুমিন ও বড় ভাই আলী আজগর এর স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।
এলাকাবাসী আরও অভিযোগ করেন, বাগানবাড়ী এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। কিছুদিন আগে ওই মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠানে গর্ভবতী ছাগলের বাচ্চা ফালিয়ে দিয়ে খিচুরি রান্না করে খাওয়ানের অভিযোগ ওঠেছে।
মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন থেকে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া,আনিছ মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
