এইচ এন আলম কক্সবাজার : জন্মের দেড় বছর বয়সে দত্তক হয়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। এরপর কেটে গেছে দীর্ঘ ৪৫ বছর। শৈশবের স্মৃতি বলতে তেমন কিছুই নেই। তবে পুরোনো পাসপোর্টের ফটোকপি, একটি সাদাকালো ছবি এবং জন্মস্থানের সূত্র ধরে নিজের জন্মদাতা মা-বাবার সন্ধানে বাংলাদেশে ফিরেছেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ। দীর্ঘদিনের অনুসন্ধানের একপর্যায়ে এবার একজনকে ভাই হিসেবে পেয়েছেন তিনি। এখন অপেক্ষা ডিএনএ পরীক্ষার ফলাফলের।

সেলিনা গোমেজ
সেলিনার জন্ম কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাট এলাকায়। দেড় বছর বয়সে এক নারীর মাধ্যমে ঢাকায় নেওয়ার পর একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। সেখানেই বেড়ে ওঠা ও বসবাস তাঁর। কিন্তু জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কখনো মুছে যায়নি।
সেলিনা জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন তিনি। এরপর একাধিকবার দেশে এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন। এবারও তাঁর মূল উদ্দেশ্য জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়া।
এ জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকায় খোঁজখবর নেওয়ার পাশাপাশি লিফলেট বিতরণ করছেন তিনি।
সেলিনার ভ্রমণ-সহকারী রাসেল আলম জানান, এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকে তিনি সেলিনার জন্মদাতা পরিবারের সন্ধানে সহযোগিতা করছেন।
গত ৭ নভেম্বর শনিবার সেলিনা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় এক ব্যক্তি নিজেকে তাঁর ভাই বলে পরিচয় দেন। পরে ৮ নভেম্বর রোববার ওই ব্যক্তি কক্সবাজার শহরে এসে সেলিনার সঙ্গে দেখা করেন। শহরের একটি তারকা হোটেলে তাঁদের সাক্ষাৎ হয়। সেখানে ওই ব্যক্তির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন সেলিনা। নমুনাটি ঢাকায় নিয়ে পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফল মিললে সেলিনার জন্মপরিচয় ও পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
ভাই হিসেবে পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম আবু সৈয়দ। তাঁর বাবা মোহাম্মদ ছাছি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদপাড়ার বাসিন্দা। তাঁর জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।
সেলিনার কাছে থাকা পুরোনো ভ্রমণসংক্রান্ত নথি ও পাসপোর্টের ফটোকপি পর্যালোচনা করে দেখা গেছে, নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টে তাঁর জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। সেখানে জাতীয়তা লেখা রয়েছে বাংলাদেশি। এ ছাড়া তাঁর কাছে শৈশবের একটি সাদাকালো ছবিও রয়েছে। এসব নথি ও ছবি নিয়েই জন্মদাতা পরিবারের সন্ধান করছেন তিনি।
সেলিনা গোমেজ বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি। তাঁদের চেহারা বা স্মৃতি আমার মনে নেই। তবে আমার বর্তমান মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ।’
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘নেদারল্যান্ডসে আমি একা অনুভব করি। আশা করি, একদিন আমার জন্মদাতা মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাব।’
নিজের জন্ম ও দত্তক হওয়ার বিষয়ে সেলিনা জানান, তিনি জেনেছেন, তাঁর জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে এক নারী তাঁকে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাঁকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের কাছেই আদর-যত্নে বড় হয়েছেন তিনি।
রাসেল আলম জানান, সেলিনা আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে থাকবেন। বর্তমানে তিনি কক্সবাজারে অবস্থান করছেন। এ সময়ের মধ্যে তাঁর জন্মদাতা পরিবারের সন্ধানে অনুসন্ধান অব্যাহত থাকবে।
দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বয়ে বেড়ানো জন্মপরিচয়ের প্রশ্নের উত্তর এখন ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। সেই ফলাফলই হয়তো সেলিনার জীবনে ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান।
