সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

টেকনাফে বিজিবি-এপিবিএনের পৃথক অভিযান, ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিজিবি এবং এপিবিএন-সেনাবাহিনীর পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন রাজারছড়া ঘাট এবং নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এসব অভিযান পরিচালিত হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে ইয়াবার চালান পাচারের তথ্য পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সী-বিচ বিওপির একটি দল রাজারছড়া ঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সন্ধ্যা ৬টার দিকে শিশুপার্ক এলাকা থেকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এপিবিএন পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায়। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি করা হয়।

এ সময় ৭.৬৫ বোরের নম্বরবিহীন দুটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়। উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে তিনটি পিস্তলের এবং একটি একনলা বন্দুকের গুলি।

এ ছাড়া তল্লাশিকালে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআরের রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি ও এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচারকারীদের অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা সতর্ক ও বদ্ধপরিকর।

অন্যদিকে, এপিবিএন জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা