আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থুই মা চিং মার্মা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত আরও কয়েকজনকে শনাক্ত করে জরুরি চিকিৎসা সহায়তা দিচ্ছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত থুই মা চিং মার্মা ওই গ্রামের হ্লালা চিংসা মার্মার স্ত্রী।
ঘটনার সংবাদ পাওয়ার পর আক্রান্তদের চিকিৎসা সহায়তা এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর মদক বিওপি থেকে মেডিকেল সহকারী, প্রয়োজনীয় ওষুধপত্র ও টহলদল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত আরও কয়েকজনকে শনাক্ত করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আক্রান্তদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা দিতে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এদিকে আক্রান্তদের চিকিৎসা আরও জোরদার করতে আগামী ২০ সেপ্টেম্বর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ আরও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণ নিশ্চিত করতে জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রমও চলমান থাকবে।
