শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ : শরীয়তপুরের নড়িয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান কিরণ।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খানের তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. শাহজাহান ভুজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিস তাওসিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু হওয়ার ফলে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় তিন লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ২৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তবে একটি পক্ষের করা রিটের কারণে দীর্ঘদিন হাসপাতালটির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনটি নিষ্পত্তি হওয়ায় হাসপাতালটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
হাসপাতালটি চালু হওয়ায় নড়িয়া উপজেলার বিপুলসংখ্যক মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা-সংক্রান্ত প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
