কুতুবদিয়া (কক্সবাজার) থেকে এম. শহীদুল ইসলাম : কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী কুতুবদিয়া উপজেলার বেড়িবাঁধের ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
আগামীকাল বুধবার সকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম কুতুবদিয়া বেড়িবাঁধের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। সে উপলক্ষে জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী নির্ধারিত পরিদর্শনস্থল পরিদর্শন করে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখেন।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকেলে জেলা পরিষদের প্রশাসক নির্ধারিত পরিদর্শনের স্থান বড়ঘোপ ইউনিয়নের রুমাইপাড়া ও আলী আকবর ডেইল ইউনিয়নের কাহারপাড়ার ভাঙন এলাকা পরিদর্শন করেন।
এসময় কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জালাল আহমদ, সদস্যসচিব এমএ ছালাম কুতুবীসহ বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পানিসম্পদ মন্ত্রীর নেতৃত্বে উচ্চপযার্য়ের টিম কক্সবাজার পৌঁছেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী তাঁদের স্বাগত জানান।
ওই সময় তিনি পানিসম্পদ মন্ত্রীকে কুতুবদিয়ার বেড়িবাঁধ সমস্যার দ্রুত সমাধান ও ভাঙন এলাকার বাসিন্দাদের জীবন জীবিকার নিরাপত্তাসহ দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। ওই টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণে আগামীকাল ২৩ সেপ্টেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি টিম কুতুবদিয়ায় আসছেন।
