রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এবার গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে নিরাপদে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ লক্ষ্যে ঘটনাস্থলে নেওয়া হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম। সব প্রস্তুতি সম্পন্ন হলে শুরু হতে পারে নিয়ন্ত্রিত খনন ও পরবর্তী কারিগরি কার্যক্রম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনের সাহায্যে এসব ভারী সরঞ্জাম ঘটনাস্থলে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্যাসের চাপ ও প্রবাহ বিবেচনায় রেখে নিরাপদ পদ্ধতিতে কার্যক্রম পরিচালনার প্রস্তুতি চলছে। বাপেক্সের বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিস্ফোরণ, ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। টানা ১৮ দিন ধরে প্রায় একই ধরনের চাপ ও প্রবাহে গ্যাস বেরিয়ে আসার বিষয়টিকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে শুধু গ্যাসের অব্যাহত প্রবাহ দেখে মজুদের পরিমাণ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা এবং বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা।
সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ পাওয়া গেলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। এমন সম্ভাবনা বাস্তবে রূপ নিলে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই গ্যাসের মজুদ।
বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাংগুরা, শাহবাজপুর, সুন্দরপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থসহ দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে হঠাৎ প্রাকৃতিক গ্যাস বেরিয়ে আসে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ১৮ দিন ধরে অব্যাহতভাবে জ্বলছে সেই আগুন। ঘটনার পর থেকেই বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এখন গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে নিরাপদে উত্তোলনের প্রস্তুতি ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয়দের মধ্যে।
