সোমবার | সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উত্তরায় মুক্তিযোদ্ধার বাসায় হামলার চেষ্টা, ফের আসার হুমকি

উত্তরায় মুক্তিযোদ্ধার বাসায় হামলার চেষ্টা, ফের আসার হুমকি

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক জনাব মো. মাহমুদের বাসায় হামলা ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগ উঠেছে একদল অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, রাজনৈতিক পরিচয়ধারী একদল যুবক ওই বাড়িতে গিয়ে হামলা চালায় এবং জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির দারোয়ানরা বাধা দিলে তারা ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয়। পরে যুবকেরা আবারও সেখানে আসবে বলে হুমকি দিয়ে চলে যায়।

ঘটনার পর ভুক্তভোগী পক্ষের সদস্যরা বিষয়টি জানাতে এবং সাধারণ ডায়েরি (জিডি) করতে নিকটবর্তী থানায় গেলে কর্তব্যরত কর্মকর্তা জিডি গ্রহণে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে কী কারণে জিডি গ্রহণ করা হয়নি, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও জনাব মাহমুদুল হক চিশতীর বাসায় হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে বিদেশে বসবাস করছেন। একই বাড়িকে কেন্দ্র করে আগের ও সাম্প্রতিক ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় বাড়ির নিরাপত্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হামলার চেষ্টা, হুমকি এবং থানায় অভিযোগ গ্রহণে অনীহার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা