নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এমপ্লয়ীজ ইউনিয়ন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিআইডব্লিউটিসির প্রধান কার্যালয় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে তারা প্রধান কার্যালয় প্রদক্ষিণ করে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, গুপ্ত তৎপরতা ও অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সমাবেশে বক্তারা এসব অভিযোগের প্রতিবাদ জানান এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন। সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসাইন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং সারা দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিকদের ঐক্য, অধিকার ও সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে ‘শ্রমিক ঐক্য-জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
