আশুলিয়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নে ক্রমেই জমে উঠছে নির্বাচনি আমেজ। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও জনসংযোগের মধ্য দিয়ে সরগরম হয়ে উঠছে ইউনিয়নের রাজনৈতিক মাঠ। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনের সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। একপর্যায়ে জনসমাগমে অনুষ্ঠানটি অনেকটা নির্বাচনি জনসমাবেশে রূপ নেয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ধামসোনা ইউনিয়নের হাজী হামিদ ভূঁইয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকাস্থ বগুড়াবাসীর সর্বস্তরের জনগণের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।
হাজী হামিদ ভূঁইয়া স্কুলের পরিচালক ও সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া (মতিনের) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দীন হোসেন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, নির্বাচিত হলে ভাদাইল ও ধামসোনা ইউনিয়নকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করাকে তিনি অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছেন বলেও জানান।
তিনি আরও বলেন,নির্বাচিত হলে ভাদাইলের অলিগলিতে পর্যায়ক্রমে সড়কবাতি স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে অপরাধপ্রবণতা কমানোর পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে। এলাকার যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে সেগুলোর বাস্তবায়ন দেখা যায় না। গার্মেন্টস শ্রমিকদের যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করে ভাদাইল বাজার থেকে ইপিজেড পর্যন্ত একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে দাবি করেন তিনি। শ্রমজীবী মানুষের কষ্ট লাঘব করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন।
ইসরাফিল হোসেন বলেন,নির্বাচনে জয়ী হই কিংবা না হই,এলাকার মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকব। জনপ্রতিনিধি হওয়ার আগেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। উঠান বৈঠকে ধামসোনা ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন,নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, জননিরাপত্তা,মাদক নিয়ন্ত্রণ,সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় ৬ নম্বর ওয়ার্ডসহ ধামসোনা এলাকার মামলা-মোকদ্দমার বিষয়টিও উঠে আসে।
বক্তব্যে ইসরাফিল হোসেন অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সময়ে যাদের বিপদে সহযোগিতা করেছেন, তাদের কারও কারও কাছ থেকেই পরবর্তী সময়ে বিরূপ আচরণের শিকার হয়েছেন। তিনি সাধারণ মানুষকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে হয়রানি না করার আহ্বান জানান।
এদিকে,উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রার্থী তাদের বক্তব্য শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। ঢাকাস্থ বগুড়াবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠককে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি, নেতাকর্মীদের সরব অংশগ্রহণ এবং প্রার্থীর উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতিতে ধামসোনা ইউনিয়নের নির্বাচনি মাঠে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ধামসোনায় নির্বাচনি উত্তাপ ক্রমেই বাড়ছে।
