কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন : অক্টোবরে কক্সবাজার সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যটন মেলার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এ তথ্য জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে আসতে পারেন। তবে সফরের দিন-তারিখ ও বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে গত ২৪ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, চলতি বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
