নুর মোহাম্মদ বাবু, কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের জন্য পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ। নতুন সেশনে তাঁর নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতাকর্মীরা।
গত ২৩ নভেম্বর ২০২৬ (সোমবার) বাদ মাগরিব অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা আমীর হারুনুর রশীদকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা আমীর মুহাম্মদ আব্দুল আলীম।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা অফিস সেক্রেটারি কানজুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা জামায়াতের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।
পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হওয়ায় হারুনুর রশীদের প্রতি সংগঠনের নেতাকর্মীদের আস্থা ও বিশ্বাসের বিষয়টি প্রতিফলিত হয়েছে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ। নতুন সেশনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, আদর্শিক দৃঢ়তা ও পারস্পরিক ঐক্য বজায় রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা এবং কল্যাণমুখী কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সেশনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন হারুনুর রশীদ। তাঁর নেতৃত্বে কাপ্তাই উপজেলা জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংহত, সক্রিয় ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
