মঙ্গলবার | সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উলিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) থেকে ইউনুস আলী : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উলিপুর থানার তদন্ত কর্মকর্তা কমল বোস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দলের নেতাকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উলিপুর বাজারের নিয়মিত মনিটরিং, যানজট নিরসন, বাইপাস সড়ক বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং মাদক নির্মূলে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষ করে উলিপুর বাজারে যানজটের কারণে সাধারণ মানুষ ও পথচারীদের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাজারে অবৈধ দখল ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিয়মিত বাজার মনিটরিং জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া মাদকদ্রব্যের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার করা, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা