মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি : নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২৮ সেপ্টেম্বর নতুন ইউএনও পদায়নের মধ্য দিয়ে মাহমাদুল হাসান ঘাটাইল অধ্যায়ের সমাপ্তি ঘটে। নতুন দায়িত্ব নেওয়া ইউএনও নূরে তাসমিন উর্মি
ঘাটাইলে যোগ দেওয়ার আগে তিনি বাগেরহাট সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন প্রশাসনিক পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
নতুন দায়িত্বে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার অধীনে ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন।
কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নূরে তাসমিন উর্মি ২০১৯ সালের এপ্রিলে সরকারি চাকরিতে যোগ দেন।
কর্মজীবনে তিনি খুলনায় সহকারী কমিশনার, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে সহকারী কমিশনার (ভূমি) এবং বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জের তাড়াশে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সুবিধাবঞ্চিত প্রবীণ নারীদের জটিল ভূমি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন। এ উদ্যোগের জন্য তিনি প্রশংসিত হন।
এ ছাড়া বাসাইল উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন মামলা ও সমস্যার সমাধানে ভূমিকা রাখেন তিনি। ভূমি সেবা নিয়মিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তার উদ্যোগ জনসাধারণের আস্থা অর্জন করে।
নূরে তাসমিন উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
উল্লেখ্য ,ঘাটাইল উপজেলার সাবেক ইউএনও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। যেমন টেন্ডার আটকে অর্থ দাবি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, সরকারি অর্থ ছাড়ে দুর্নীতি এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের গুরুতর অভিযোগ ওঠে। যার কারণে স্থানীয় মহলে তিনি তীব্র সমালোচিত ছিলেন।
