নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : পৌর প্রশাসক মোঃ সফিউল্লাহর নেতৃত্বে নরসিংদীতে বর্জ্য ব্যবস্থাপনা ও রাস্তা সংস্কারে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয় এবং পৌর এলাকায় তিনটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।
নরসিংদী পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও সুশৃঙ্খল করার লক্ষ্যে তিনটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি এসব স্থান পরিদর্শন ও পর্যালোচনা করেন নরসিংদী পৌরসভার প্রশাসক মোঃ সফিউল্লাহ। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এফএম নাঈম হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ও শহর যুবদলের আহবায়ক সুমন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণমাধ্যমকে পৌর প্রশাসক মোঃ সফিউল্লাহ জানান, বর্জ্য সংগ্রহ ও পরিবহন ব্যবস্থা আরও কার্যকর করতে পৌর এলাকায় তিনটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন স্থাপনের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য স্থানগুলোর মধ্যে রয়েছে নরসিংদী বানিয়াচল ও রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকাসমূহ, সেই সাথে আরশিনগর আন্ডার পাস হয়ে মদনগঞ্জ এলাকা।
এসটিএসগুলো নির্মাণ হলে বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত বর্জ্য নির্দিষ্ট স্থানে এনে সাময়িকভাবে সংরক্ষণ এবং পরবর্তীতে নিয়মিতভাবে নির্ধারিত গন্তব্যে অপসারণ করা সহজে সম্ভব হবে। এতে সড়ক ও জনসাধারণের চলাচলের জায়গায় যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা কমার পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সুসংগঠিত হবে। পৌর প্রশাসক সফিউল্লাহর নেতৃত্বে চলমান পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে নাগরিকদের দুর্ভোগ কমবে এবং নরসিংদী পৌর এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এতে পৌরবাসীসহ সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে নরসিংদী পৌরসভা।
