বদলগাছী নওগাঁ থেকে আশিক হোসেন : নওগাঁর বদলগাছীতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে শুধু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ মোট ২৫ জন। একই সময়ে উপজেলায় আরো ৬ টি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এসব আত্মহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সবা কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
আলোচনা সভায় আত্মহত্যার প্রবণতা কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের মানসিক চাপ, হতাশা ও আচরণগত পরিবর্তনের বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এবং ৬ টি হত্যাকাণ্ডের বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও উপজেলায় চলমান মৌসুমে সারসংকট এবং কৃষকদের ঘণ্টার পর ঘণ্টা ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী সার না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। অনেক কৃষককে এক ডিলারের দোকান থেকে অন্য ডিলারের দোকানে ঘুরতে হচ্ছে বলেও সভায় এসব তথ্য উঠে আসে। চলতি মাসের তুলনায় আগামী মাসে কৃষকদের সারের চাহিদা আরও বাড়তে পারে। এ কারণে সম্ভাব্য সংকট মোকাবিলায় অতিরিক্ত সার বরাদ্দ আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়।
উপজেলায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় কুকুরের কামড়ে শিশু-সহ সাতজন আহত হওয়ার তথ্য সভায় তুলে ধরা হয়। ঘা আক্রান্ত কুকুরদের প্রয়োজনীয় ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন।
উপজেলার প্রায় চার শতাধিক ছেলে-মেয়েকে ভাষা শেখানোর ছলনায় আধাইপুর এলাকায় এক বৌদ্ধ ভিক্ষু চীন ও জাপানে নেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নেওয়া বিষয়েও অভিযোগ উঠে। এ ঘটনায় থানায় অভিযোগ থাকার পরও অভিযুক্ত ব্যক্তিকে কেন গ্রেপ্তার করা হয়নি। সভায় এ নিয়ে প্রশ্ন ওঠে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
বদলগাছীতে স্টেডিয়াম থাকা সত্ত্বেও শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলার সুযোগ না থাকার বিষয়টিও সভায় গুরুত্ব পায়। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে চলতি মাসেই বিভিন্ন খেলাধুলা শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আত্মহত্যা, হত্যাকাণ্ড, সারসংকট, বেওয়ারিশ কুকুরের উপদ্রব, প্রতারণার অভিযোগ এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল মো.মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.কানিজ ফারহানাসহ সকল ইউপি চেয়ারম্যান, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী ও এনটিভি প্রতিনিধি মিঠু হাসান উপস্থিত ছিলেন।
