বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা, চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা, চাকুসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজার থেকে এইচ এন আলম : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অভিযান চালিয়ে ছিনতাইকাজে ব্যবহৃত চাকুসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

​গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামারপাড়ার তোফায়েল আহমেদ প্রকাশ টুলু ড্রাইভারের ছেলে মো. ফয়সাল (২৬) এবং একই এলাকার ফরিদুল আলমের ছেলে ইব্রাহিম (২৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সঞ্জয় দাশকে বাসস্টেশন থেকে ডেকে নিয়ে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনিতে আটকে রেখে মারধর করেন অভিযুক্তরা। পরবর্তীতে তার মায়ের কাছে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে মুক্তিপণ দাবি করে তাকে জিম্মি করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, কবির কোম্পানির কলোনী থেকে আলামতসহ ফয়সাল ও ইব্রাহিম নামের দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর বুধবারই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা