মোঃ শাহাব উদ্দিন,লামা (বান্দরবান) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শ ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে ধারণ করে বান্দরবানের লামায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে লামা জেলা পরিষদ গেস্ট হাউজে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জিয়া মঞ্চের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চ লামা উপজেলা শাখার আহ্বায়ক মো. রাশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু তাহের মিয়া, লামা পৌর বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, লামা উপজেলা যুবদলের সভাপতি মো. দেলোয়ার হোসেন রফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট মামুন মিয়া এবং লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মিরাজ।
বক্তারা জিয়া মঞ্চের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং সংগঠনের অতীত কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ সময় তাঁরা জিয়া মঞ্চের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
পরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
