বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আর্থিক সহায়তা নিয়ে প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদা

আর্থিক সহায়তা নিয়ে প্রয়াত সাংবাদিক পরিবারের পাশে দাঁড়ালেন এমপি ফজলে হুদা

বদলগাছী (নওগাঁ) থেকে আশিক হোসেন : নওগাঁর বদলগাছী উপজেলার প্রয়াত জ্যৈষ্ঠ সাংবাদিক আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি পরিবারের হাতে এক লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দিয়েছেন।

গত (১৪ই সেপ্টেম্বর) সোমবার বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সানজাদ রয়েল সাগর ও সাধারণ সম্পাদক আবু জর গিফারীর হাতে ওই অর্থ তুলে দেন সংসদ সদস্য। পরে প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক আবু সাঈদের স্ত্রী কামরুন নাহার (জয়নব) ও কনিষ্ঠ ছেলে সিজান সিদ্দিকের হাতে অর্থ তুলে দেন।

প্রয়াত সাংবাদিক আবু সাঈদ উপজেলার চাংলা গ্রামের ডাঙ্গিরকুল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করেছেন। কর্মজীবনে জাতীয় দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক সংবাদ ও দৈনিক আজকালের খবর পত্রিকায় কাজ করেছেন।

২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিকেলে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান জ্যৈষ্ঠ এই সাংবাদিক আবু সাঈদ। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার অভিভাবকশূন্য হয়ে পড়েন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বদলগাছীর বিভিন্ন সমস্যা, মানুষের সুখ-দুঃখ ও এলাকার নানা ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন আবু সাঈদ। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন।

আবু সাঈদের মৃত্যুর পর তাঁর পরিবারের খোঁজখবর নেন সংসদ সদস্য মো. ফজলে হুদা। সম্প্রতি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

দীর্ঘ কর্মজীবনে আবু সাঈদ মানুষের নানা সমস্যা ও দুর্ভোগের কথা সংবাদপত্রের পাতায় তুলে ধরেছেন। তাঁর মৃত্যুর পর পরিবারের কঠিন সময়ে এই আর্থিক সহায়তা স্থানীয় সাংবাদিকদের মধ্যে মানবিক উদ্যোগ হিসেবে আলোচিত হয়েছে।

সহকর্মীদের কাছে আবু সাঈদ ছিলেন দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বদলগাছীর সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভব করেন স্থানীয় সাংবাদিকেরা। তবে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতি ও পেশার প্রতি নিষ্ঠা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে আছে।

২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাঁর কলম থেমে গেলেও বদলগাছীর সাংবাদিকতায় তাঁর রেখে যাওয়া স্মৃতি রয়ে গেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা