রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নারায়ণগঞ্জে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীর মৃত্যুদণ্ড

জনতা ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মোবারক হোসেন আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন (৩২) নরসিংদীর মাধবদী এলাকার বাসিন্দা। প্রায় ১৫ বছর আগে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেম আলীর মেয়ে সালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন তিনি। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সালেহা। এ সময় ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন মোবারক। এতে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়। মায়ের ওপর হামলার পর সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। সালেহা বেগম সৌদি আরবে থাকতেন। হত্যাকাণ্ডের প্রায় দুই মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেম আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১ এপ্রিল মোবারক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা