বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ উখিয়া সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

উখিয়া সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার থেকে রিয়াজ উদ্দিন : মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. হামিদ হোসেন (৪০) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। আহত হামিদ হোসেন উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-২৭ ব্লকের বাসিন্দা এবং মৃত কালাম হোসেনের ছেলে। বিস্ফোরণের পর তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, পালংখালী সীমান্তের বিআরএম-১৯ নম্বর পিলার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে এবং শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হামিদ আহত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রের দাবি, চোরাচালানের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করেন। এ ধরনের যাতায়াতের সময় স্থলমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনাও ঘটছে বলে স্থানীয়রা জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা